নিজস্ব প্রতিবেদক: ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চর মানিকা ইউনিয়নে কোস্ট ফাউন্ডেশনের বৈধভাবে ক্রয়কৃত জমিতে প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণকাজে বাধা, জমি দখলের চেষ্টা এবং মানহানিকর অপপ্রচারের অভিযোগ উঠেছে। সংস্থাটির দাবি , একটি স্বার্থান্বেষী ব্যক্তি পরিকল্পিতভাবে উন্নয়ন কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করছে।
কোস্ট ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, গণস্বাস্থ্য এলাকার নিকটবর্তী ৬৯ শতক জমি তারা ২০২১ সালে ৩২ লাখ টাকায় আইনগতভাবে ক্রয় করে। জমিটির সকল বৈধ কাগজপত্র, দলিল, খতিয়ান, প্লট রেফারেন্স, জরিপ মানচিত্র ও সরকারি অধিগ্রহণপত্র, সংস্থার কাছে রয়েছে। জানা যায়, জমিটি পূর্বে বাংলাদেশ চার্চের দীর্ঘমেয়াদি ব্যবহারের জন্য বরাদ্দ ছিল।
গত ১৮ এপ্রিল ২০২৬ তারিখে কোস্ট ফাউন্ডেশন নিজস্ব অর্থায়নে সেখানে ‘কোস্ট রিসোর্স ও কীটনাশক প্রদর্শনী ও প্রশিক্ষণ কেন্দ্র’ নির্মাণকাজ শুরু করে। সংস্থাটির মতে, প্রস্তাবিত এ কেন্দ্র স্থানীয় জনগণের দক্ষতা উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি ও টেকসই জীবিকা উন্নয়নে ভূমিকা রাখবে।
তবে নির্মাণকাজ শুরুর পর থেকেই কিছু ব্যক্তি ও গোষ্ঠী কাজে বাধা সৃষ্টি, জমি দখলের চেষ্টা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও মানহানিকর প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে বাবুল পাটোয়ারী, সাইদ ফরাজী, মামুন খান, রফিক ফরাজী, রুহুল আমিন, শাহীন, হাসেম ও ফরিদসহ কয়েকজনের নাম উল্লেখ করেছে সংস্থাটি। অভিযোগ রয়েছে, গত ৬ মে তারা মানববন্ধন ও সমাবেশ করে আপত্তিকর ভিডিওও প্রচার করেছে।
এ ঘটনায় ১৯ এপ্রিল দক্ষিণ আইচা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছে কোস্ট ফাউন্ডেশন। সংস্থাটির দাবি, স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে আলোচনার সময় বিরোধী পক্ষ কোনো বৈধ মালিকানার দলিল দেখাতে পারেনি।
কোস্ট ফাউন্ডেশন বলেছে, তারা কারও জমি বেআইনিভাবে দখল করেনি এবং সবসময় আইন ও প্রশাসনকে সম্মান করে। একই সঙ্গে বৈধ নির্মাণকাজে বাধাদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, কর্মীদের নিরাপত্তা নিশ্চিত এবং বিভ্রান্তিকর প্রচারণা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে সংস্থাটি।



