নলছিটি প্রতিনিধি ( ঝালকাঠি)
ঝালকাঠির নলছিটি উপজেলার মেধাবী শিক্ষার্থী মো. ইয়াছিন আসন্ন ৩৭তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে (আইবিও) বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন।
আগামী ১২-১৯ জুলাই ২০২৬ লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় বিশ্বের ৮০টিরও বেশি দেশের শিক্ষার্থীদের সাথে মেধার লড়াইয়ে নামবেন তিনি।
ইয়াছিন নলছিটি উপজেলার নলবুনিয়া গ্রামের মো. আল আমিন হাওলাদারের ছেলে। বর্তমানে তিনি বরিশালের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তার বাবা ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।
বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড (বিডিবিও) আয়োজিত জাতীয় প্রতিযোগিতায় সারাদেশের প্রায় ১৫ হাজার শিক্ষার্থীর মধ্য থেকে কয়েক ধাপের পরীক্ষা শেষে সেরা ২০ জন নির্বাচিত হন। সেখান থেকে মাস্টার ক্যাম্পের জন্য বাছাই করা হয় ১০ জনকে। চূড়ান্ত বাছাইয়ে এই ১০ জনের মধ্য থেকে ৪ সদস্যের জাতীয় দলে জায়গা করে নেন ইয়াছিন।
স্থানীয় শিক্ষক ও সুধীজনেরা জানান, ইয়াছিনের এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, পুরো নলছিটি ও ঝালকাঠি জেলার গৌরব। আন্তর্জাতিক অঙ্গনেও তিনি দেশের মুখ উজ্জ্বল করবেন বলে তারা আশাবাদী।



