নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) আয়োজিত ‘পাবলিক প্রকিউরমেন্ট আইন ও বিধিমালা এবং ই-জিপি (e-GP) সিস্টেম’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় বিসিআইয়ের বোর্ডরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিআইয়ের ঊর্ধ্বতন সহসভাপতি মিসেস প্রীতি চক্রবর্তী। সমাপনী অনুষ্ঠানে বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) অংশগ্রহণকারীদের মধ্যে প্রশিক্ষণ সনদ বিতরণ করেন।
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির সাবেক সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম. মঈন উদ্দীন আহম্মেদ। বিসিআইয়ের সেক্রেটারি জেনারেল ড. মো. হেলাল উদ্দিন, এনডিসির পরিচালনায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রীতি চক্রবর্তী বলেন, ব্যবসায়ী সম্প্রদায়ের সক্ষমতা বৃদ্ধিতে বিসিআই সবসময় কাজ করে যাচ্ছে। ই-জিপি সিস্টেমের কারিগরি দিক সম্পর্কে সঠিক জ্ঞান অর্জনে এ প্রশিক্ষণ সহায়ক হবে। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা ব্যবসায়িক প্রতিযোগিতায় এগিয়ে থাকার সুযোগ পাবেন।
প্রশিক্ষণের দুটি অধিবেশনে এস. এম. মঈন উদ্দীন আহম্মেদ ‘An overview of Public Procurement Act, 2006 & Public Procurement Rules, 2025’ এবং ‘An introduction to e-GP system, how it works and benefits’ বিষয়ে অংশগ্রহণমূলক আলোচনা করেন।
আলোচনায় তিনি পাবলিক প্রকিউরমেন্ট আইন ও বিধিমালার গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেন। পাশাপাশি সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও ডিজিটাল রূপান্তরে ই-জিপি সিস্টেমের ভূমিকা ব্যাখ্যা করেন। ই-জিপি ব্যবহার করে কীভাবে দরপত্র প্রক্রিয়ায় অংশ নেওয়া যায় এবং সরকারি ক্রয় কার্যক্রম আরও দ্রুত ও সহজ করা যায়, সে বিষয়েও বিস্তারিত আলোচনা করেন।
কর্মশালায় বিসিআইয়ের সদস্য, সরকারি ক্রয় কার্যক্রমে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান, আইনজীবী, উদ্যোক্তা ও শিক্ষার্থীরা অংশ নেন। সমাপনী পর্বে অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করা হয়। এ সময় বিসিআই সভাপতি ধারাবাহিক প্রশিক্ষণ আয়োজনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন এবং রিসোর্স পারসন ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান।
প্রশ্নোত্তর ও অংশগ্রহণমূলক আলোচনার মধ্য দিয়ে কর্মশালাটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে অংশগ্রহণকারীরা মতামত প্রকাশ করেন।



