নিজস্ব প্রতিবেদক: রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) নির্বাচন আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের নির্বাচন ঘিরে সংগঠনটির সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
এবারের নির্বাচনে অংশ নিচ্ছে তিনটি প্যানেল। এর মধ্যে বর্তমান কমিটির প্যানেল হচ্ছে ‘আবাসন ঐক্য পরিষদ’ ও মোকাররম হোসেন খানের নেতৃত্বে ‘জাগরণ প্যানেল’ এবং আফজাল হোসেনের নেতৃত্বে ‘প্রগতিশীল প্যানেল’।
দীর্ঘ ১৪ বছর পর এর আগে ২০২৪ সালের ২৭ ফেব্রুয়ারি সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রার্থীরা সদস্যদের দ্বারে দ্বারে গিয়ে নিজেদের পরিকল্পনা, উন্নয়ন ভাবনা এবং প্রতিশ্রুতি তুলে ধরছেন। সভা-সেমিনার, মতবিনিময় সভা এবং প্রচার কার্যক্রমে সরব হয়ে উঠেছে রিহ্যাব সংশ্লিষ্ট মহল।
খাত সংশ্লিষ্টদের মতে, যারাই নতুন সরকারের সাথে ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা করে দিতে পারবে, তাদেরকেই এবারের নির্বাচনে ভোট দেয়া হবে। তবে এর মধ্যে বর্তমান কমিটি অন্তর্বর্তীকালীন সরকার ও নতুন সরকারের যেভাবে কাজ করছে, তাতে তারা প্রসংশা পাওয়ার দাবি রাখে। এছাড়া দেশের আবাসন খাত একটি বড় শিল্প খাত। মানুষের মৌলিক চাহিদার মধ্যে বাস স্থান অন্যতম। সেই বিবেচনা করেই ভোট দিয়ে কমিটি গঠন করতে হবে।
জানা গেছে, ‘আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ’ প্যানেলের ভোটাদের সমর্থন তুলনামূলক বেশি। বর্তমান কমিটির সভাপতি ও জ্যেষ্ঠ সহ-সভাপতি আছেন প্যানেলের নেতৃত্বে। বর্তমান প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া ২৯ সদস্যবিশিষ্ট এই প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন। ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. আক্তার বিশ্বাস (ভাইস প্রেসিডেন্ট-১), মো. জাহাঙ্গীর আলম (ভাইস প্রেসিডেন্ট-২), ইঞ্জিনিয়ার মহসিন মিয়া (ভাইস প্রেসিডেন্ট-৩), ইঞ্জিনিয়ার শেখ মো. শোয়েব উদ্দিন (ভাইস প্রেসিডেন্ট-ফিন্যান্স) এবং মোহাম্মদ মোরশেদুল হাসান (ভাইস প্রেসিডেন্ট-চট্টগ্রাম)।
প্যানেলটির নেতৃত্ব দাবি করছে, তারা নির্বাচিত হলে রিহ্যাব শুধু পরিচালনা করবে না, বরং দেশের বাস্তব ব্যবসায়িক চাহিদা ও নীতি-পরিবর্তনে জোরালো ভূমিকা রাখবে।
অন্যদিকে, রিহ্যাবের সাবেক প্রেসিডেন্ট মোকাররম হোসেন খান এবং বর্তমান কমিটির ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী আব্দুল লতিফের নেতৃত্বে ১৪ সদস্য বিশিষ্ট ‘জাগরণ’ প্যানেলও নির্বাচনে অংশ নিচ্ছে। যদিও তারা পূর্ণাঙ্গ প্যানেল দিতে পারেনি। এ প্যানেল থেকে ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রকৌশলী আব্দুল লতিফ। তিনি বর্তমান কমিটির সহ-সভাপতি হিসেবে আছেন।
জানা গেছে, রিহ্যাবের সাবেক প্রেসিডেন্ট মোকাররম হোসেন খানের জয়ের সম্ভবনা রয়েছে। কারণ তিনি দুই দুই বার সভাপতি নির্বাচন করেছেন। এছাড়া তার গ্রহণযোগ্যতা ভোটাদের মাঝে রয়েছে। ফলে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।
সব মিলিয়ে এবারের রিহ্যাব নির্বাচন ঘিরে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে। সদস্যদের প্রত্যাশা, একটি দক্ষ ও দূরদর্শী নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে দেশের আবাসন খাত নতুন গতি পাবে এবং বিদ্যমান সংকট কাটিয়ে উঠতে সক্ষম হবে।
এছাড়া প্রেসিডেন্ট পদে ড. আলী আফজালের নেতৃত্বে ‘প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’ নির্বাচনে অংশ নিচ্ছে। তিনি নতুন মুখ হলেও তার বক্তব্য ও প্রতিশ্রুতি ভোটাররা আকৃষ্ট হচ্ছেন বলে জানা গেছে।
এ প্যানেলের অন্যান্য প্রার্থী হলেন- সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে আব্দুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট-১ পদে শেখ শাদী, ভাইস প্রেসিডেন্ট-২ পদে এ কে এম বরকাতুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ পদে এ এফ এম ওবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) পদে ড. মো. হারুন অর রশিদ এবং ভাইস প্রেসিডেন্ট (চট্টগ্রাম) পদে মো. নূর উদ্দিন আহমেদ।



