জলসিঁড়ি আবাসন প্রকল্পে রিহ্যাব সদস্যদের সহজ অংশগ্রহণ ও সুবিধা নিশ্চিত করতে নীতিগত সহায়তা চেয়ে জলসিঁড়ি আবাসন প্রকল্পের চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ হাসানুজ্জামান এবং ব্যবস্থাপনা পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল জামিলুর রহমানের সঙ্গে মতবিমিনয় সভা করেছেন রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় রিহ্যাবের পক্ষে প্রেসিডেন্ট মোঃ ওয়াহিদুজ্জামান এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া উপস্থিত ছিলেন ।
রিহ্যাব প্রেসিডেন্ট বলেন, রিহ্যাব সদস্যদের সিকিরিটি ফি অর্ধেক করা, প্ল্যান পাশের ফি রাজউক এর সমপরিমাণ করা, অনুমোদন প্রক্রিয়া সহজীকরণ, এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা প্রদান করা হোক। এতে করে সদস্যরা সহজে প্রকল্পে যুক্ত হতে পারবেন এবং ক্রেতাদের জন্য মানসম্মত আবাসন নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি বলেন, জলসিঁড়ি আবাসন একটি গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় প্রকল্প। এ প্রকল্পে রিহ্যাবের সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে পরিকল্পিত নগরায়ণ যেমন এগিয়ে যাবে, তেমনি আবাসন খাতেও নতুন গতি সৃষ্টি হবে, ফলে জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। ।
জলসিঁড়ি আবাসন কর্তৃপক্ষ এর চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ হাসানুজ্জামান এবং ব্যবস্থাপনা পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল জামিলুর রহমান রিহ্যাব নেতৃবৃন্দের প্রস্তাবগুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন এবং ভবিষ্যতে এ বিষয়ে প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।



