কর্মসংস্থান ব্যাংকের ঋণগ্রহীতাদের ঋণের কিস্তি ও সঞ্চয়ের অর্থ ডাচ-বাংলা ব্যাংক পিএলসি-র ডিজিটাল সার্ভিসের মাধ্যমে আদায় সংক্রান্ত একটি চুক্তি (৭ এপ্রিল) মঙ্গলবার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও, ঢাকায় স্বাক্ষরিত হয়েছে।
চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন কর্মসংস্থান ব্যাংকের পরিচালন ও হিসাব মহাবিভাগের মহাব্যবস্থাপক মো: শফিকুল ইসলাম মিঞা এবং ডাচ-বাংলা ব্যাংক পিএলসি-র হেড অব ব্রাঞ্চ অপারেশন এন্ড লায়াবেটিজ ডিভিশন আব্দুল্লাহ আল মাসুদ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান, ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা, মহাব্যবস্থাপক মাহমুদা ইয়াসমীন ও মো: আমিরুল ইসলামসহ প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় উপমহাব্যবস্থাপক উপস্থিত ছিলেন।
এসময় ডাচ-বাংলা ব্যাংক পিএলসি-র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. এহতেশামুল হক খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আবেদুর রহমান শিকদার ও মো: শাহাদাত হোসেনসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।
এই চুক্তির ফলে কর্মসংস্থান ব্যাংকের 289টি শাখার ২ লাখ ৩০ হাজার ঋণগ্রহীতা ডাচ-বাংলা ব্যাংক পিএলসি-র ২৪৩টি শাখা, ৩০৭টি উপশাখা, ৫ হাজার ৬২০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং মোবাইল ব্যাংকিং সার্ভিস রকেটের তিন লাখ ৪০ হাজার এজেন্ট পয়েন্টের মাধ্যমে ঋণের কিস্তি ও সঞ্চয়ের অর্থ জমা করতে পারবেন।



