ডিজিটাল লেনদেনকে আরও সহজ, দ্রুত ও সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে দেশে বাড়ছে বাংলা কিউআর (Bangla QR)-এর ব্যবহার। বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ী, দোকানদার ও ভোক্তাদের মধ্যে কিউআর কোডের মাধ্যমে লেনদেনের প্রবণতা দিন দিন বাড়ছে। এতে নগদ অর্থ বহনের ঝুঁকি কমার পাশাপাশি লেনদেনের হিসাবও ডিজিটাল ব্যবস্থায় সংরক্ষিত থাকছে।
এরই ধারাবাহিকতায় ১৯ আগস্ট ২০২৬ তারিখে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র করপোরেট প্রধান কার্যালয়ে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইউনুছ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘শাহ্জালাল বাংলা কিউআর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় বাংলা কিউআর-এর সুবিধা এবং ক্যাশলেস লেনদেনে এর ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ্ উদ্দীন আহমেদ। পরবর্তীতে প্রথম মার্চেন্ট হিসেবে ব্যাংকের গ্রাহক এবং ব্যাংকে অবস্থিত ক্যান্টিন ‘সরকার’স কিচেন’-কে বাংলা কিউআর প্রদান করা হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইউনুছ ‘শাহ্জালাল বাংলা কিউআর’-এর রেপ্লিকা ‘সরকার’স কিচেন’-এর জেনারেল ম্যানেজার জনাব মো. মাইন উদ্দিন সুজনের নিকট হস্তান্তর করেন।
অনুষ্ঠানে ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান জনাব মহিউদ্দিন আহমেদ, পরিচালকবৃন্দ জনাব আব্দুল বারেক, জনাব আক্কাচ উদ্দিন মোল্লা, জনাব খন্দকার শাকিব আহমেদ, ইঞ্জি. মো. তৌহীদুর রহমান ও জনাব ফকির মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
এ ছাড়া অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন, উপব্যবস্থাপনা পরিচালক জনাব এম. এম. সাইফুল ইসলাম ও জনাব মো. জাফর ছাদেক, এফসিএ, ব্যাংকের কোম্পানি সচিব জনাব মো. আবুল বাশার, আইটি বিভাগের প্রধান ও সিটিও জনাবা খন্দকার বেদৌরা মাহবুব, অ্যান্টি মানি লন্ডারিং ও পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট বিভাগের প্রধান জনাব মো. আব্দুল কুদ্দুস, কার্ড ডিভিশনের প্রধান জনাব মো. রিয়াদ হোসেন এবং ব্যাংকের জনসংযোগ বিভাগের ইনচার্জ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব কে. এম. হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংকের ক্যাশলেস ও ডিজিটাল লেনদেন সম্প্রসারণের উদ্যোগ এবং সরকারের ডিজিটাল পেমেন্টকে উৎসাহিত করার ধারাবাহিকতায় এই সেবা চালু করা হয়েছে। বাংলা কিউআর আন্তঃব্যাংক পেমেন্টকে আরও সহজ ও সুবিধাজনক করবে।
বাংলা কিউআর-এর অন্যতম বড় সুবিধা হলো—একটি নির্দিষ্ট কিউআর কোড ব্যবহার করে তাৎক্ষণিকভাবে মার্চেন্টের হিসাবে ঝুঁকিহীন ও নিরাপদে লেনদেন সম্পন্ন করা যায়। ফলে ব্যবসায়ীদের আলাদা আলাদা প্রতিষ্ঠানের জন্য একাধিক কিউআর কোড রাখার প্রয়োজন কমে আসে। এতে লেনদেনের প্রক্রিয়া সহজ হওয়ার পাশাপাশি সময়ও সাশ্রয় হয় এবং লেনদেন আরও নিরাপদ হয়।
দেশের ক্যাশলেস অর্থনীতির বিস্তারে কিউআরভিত্তিক লেনদেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে যেসব ক্ষুদ্র ব্যবসায়ী এখনো পুরোপুরি ডিজিটাল লেনদেনের আওতায় আসেননি, তাঁদের জন্য কিউআর পেমেন্ট কার্যকর একটি মাধ্যম হতে পারে। মোবাইল ফোনের মাধ্যমে সহজেই অর্থ পরিশোধ করা যায় বলে ক্রেতাদের জন্যও এটি অত্যন্ত সুবিধাজনক।
মার্চেন্টদের নতুন ট্রেড লাইসেন্স পাওয়া ও নবায়নের ক্ষেত্রেও বাংলা কিউআর প্রয়োজন হবে।
এই উদ্যোগে Acquiring Partner হিসেবে SSL (Software Shop Limited) এবং Mobile App Vendor হিসেবে CIBL (CIBL Technology Consultant Limited) গুরুত্বপূর্ণ কারিগরি সহযোগিতা প্রদান করছে।
আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ থেকে বাংলা কিউআর সেবা শাহ্জালাল ইসলামী ব্যাংকসহ যেকোনো ব্যাংক ও এমএফএসের সকল গ্রাহকের জন্য উন্মুক্ত হবে।



